বিনোদন ডেস্ক
জুন ১৭, ২০২৬, ০১:০৬ পিএম
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম নার্ভজনিত সমস্যায় ভুগছেন। হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে তিনি গান গাওয়া থেকে সাময়িক বিরতি নিয়েছেন।
নিজের অসুস্থতার কথা সোনু নিগম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া একটি ভিডিও বার্তায় তিনি শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন।
ভিডিওতে দেখা যায়, তার গলার বাঁ পাশে নার্ভে সমস্যা দেখা দিয়েছে এবং সেখানে ব্যান্ডেজ করা হয়েছে। ওই নার্ভে চাপ পড়ার কারণে গত এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি তীব্র ব্যথায় ভুগছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই সমস্যায় তিনি এক মাসেরও বেশি সময় ভুগতে পারেন। ভিডিওতে সোনু বলেন, আমার এখানের এই নার্ভে চাপ পড়ছে। গত এক সপ্তাহ ধরে এটা নিয়ে ভুগছি। এমআরআই, সিটি স্ক্যান সব হয়েছে। ওষুধ খাচ্ছি। ফিজিওথেরাপি চলছে। খুব কষ্টদায়ক। যন্ত্রণার মধ্যে আছি।
চিকিৎসকের পরামর্শে তিনি এখন পেনকিলার নিচ্ছেন, যাতে ব্যথা কিছুটা কমে এবং পেশি শিথিল থাকে। তবে এই ওষুধের কারণে তার কণ্ঠ কিছুটা ভারী হয়ে গেছে।
এ কারণে আসন্ন কনসার্টে তার কণ্ঠে পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করছেন ভক্তরা। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও পেশাগত প্রতিশ্রুতি বজায় রেখে তিনি কনসার্ট বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছেন।
এম জি