নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৫, ১০:২২ পিএম
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপি শাপলা চায় শাপলাই আমাদের প্রতীক, শাপলাই আমাদের সংগ্রামের প্রতীক। এই প্রশ্নে কোনো আপস নেই, কোনো বিকল্পও নেই।
বৃহস্পতিবার বিকালে দলের সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত সেমিনারের বিষয় ছিল ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে’।
একইদিন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য নতুন প্রতীকের তালিকা প্রকাশ করে। এতে ‘শাপলা কলি’ নামে নতুন একটি প্রতীক অন্তর্ভুক্ত করা হয়।
এনসিপি বলছে, তারা দীর্ঘদিন ধরে ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছে, কিন্তু ইসি দলটির দাবির পরিবর্তে ‘শাপলা কলি’ গেজেটভুক্ত করেছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষায়, ইসি আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। বিএনপি-জামায়াতকে সুবিধা দেওয়া এবং জনগণের শক্তিকে দুর্বল করার জন্য ইচ্ছাকৃতভাবে শাপলা প্রতীক থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে।
তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, শাপলা প্রতীক দ্রুত এনসিপিকে বরাদ্দ দিন, নয়তো আমরা গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদে নামতে বাধ্য হব।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমরা শাপলাকে প্রতীক হিসেবে চেয়েছিলাম, কিন্তু গেজেটে এসেছে ‘শাপলা কলি’। এতে মনে হচ্ছে ইসি আমাদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছে।
তিনি আরও দাবি করেন, ইসি কোনো আইনি বা সাংবিধানিক ব্যাখ্যা ছাড়াই এ সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, এই নির্বাচন কমিশনের পুনর্গঠন ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম।
তিনি বলেন, আমরা প্রতীক নয়, প্রতীকের মাধ্যমে জনগণের অধিকার চাই। শাপলা বাংলাদেশের জনগণের ঐক্যের প্রতীক এটি অন্য কোনো প্রতীকের বিকল্প হতে পারে না।
সভায় আরও বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা, এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
নির্বাচন কমিশন আজ যে তালিকা প্রকাশ করেছে, তাতে আগের কয়েকটি প্রতীক বাদ দিয়ে নতুন কিছু প্রতীক সংযোজন করা হয়েছে। এর মধ্যে ‘শাপলা কলি’ প্রতীকটি নতুন সংযোজন হিসেবে বিশেষভাবে নজর কেড়েছে। তবে কমিশন সূত্রে জানা গেছে, 'শাপলা' ও 'শাপলা কলি' দুটি আলাদা প্রতীক হিসেবে বিবেচিত।
তবে এনসিপি বলছে, তারা যে প্রতীক চাইছে তা হলো সম্পূর্ণ ফোটা শাপলা ফুল, যা দলটির আদর্শ ও জুলাই সনদের প্রতীকী ব্যাখ্যার সঙ্গে গভীরভাবে যুক্ত।
দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্ট ভাষায় বলেন, শাপলা আমাদের নীতি, শাপলা আমাদের প্রতিরোধ। ইসি যদি জনগণের ইচ্ছাকে সম্মান না করে, তাহলে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ইসিকে জবাব দিতে জানি।
এনসিপি 'শাপলা' প্রতীক চায়, 'শাপলা কলি'তে আপত্তি জানিয়েছে। দলটির দাবি, ইসি অন্য দলকে সুবিধা দিতে তাদের প্রতীক বরাদ্দে বিলম্ব করছে। এনসিপি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এবং ইসির পুনর্গঠন দাবি তুলেছে।
ইএইচ