নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:২৩ পিএম
জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন’ কর্মসূচিতে নিজের নাম ব্যবহার করে দেওয়া স্লোগানকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
লুৎফুজ্জামান বাবর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ফেসবুক পোস্টে বাবর বলেন, “গত ১৭ ডিসেম্বর (বুধবার) কিছু তরুণ দেশপ্রেমের আবেগে এবং ভূ-রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে আমার নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়েছেন এটি দুঃখজনক। দেশপ্রেম প্রশংসনীয় হলেও তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে, সেদিকে খেয়াল রাখা জরুরি।”
তিনি আরও বলেন, “বর্তমান সংবেদনশীল জাতীয় পরিস্থিতিতে আমি সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছি। দেশের শান্তি, স্থিতিশীলতা এবং আসন্ন নির্বাচন প্রক্রিয়া যেন কোনোভাবেই ঝুঁকির মুখে না পড়ে, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।”
উল্লেখ্য, গত বুধবার বিকেলে রাজধানীতে জুলাই ঐক্যের ব্যানারে আয়োজিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন’ কর্মসূচিতে বিক্ষোভকারীরা ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো’ সহ বিভিন্ন বিতর্কিত স্লোগান দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে আজ নিজের অবস্থান পরিষ্কার করলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।
ইএইচ