আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬, ০১:৫২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিসেবল) করা হয়েছে।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে এসে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, তাঁর ‘Hasnat Abdullah’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে থেকেই কারিগরি সমস্যার সম্মুখীন হচ্ছিল। তিনি দাবি করেন, ভারতবিরোধী অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করার পর সুপরিকল্পিতভাবে ‘কপিরাইট ক্লেইম’ বা মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ এনে তাঁর আইডিটি ডিসেবল করে দেওয়া হয়েছে।
ব্যক্তিগত আইডিটি হারিয়ে যাওয়ায় এখন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকার কথা জানিয়েছেন এই তরুণ নেতা। তিনি উল্লেখ করেন, এর আগে তাঁর এই পেজটি মূলত অ্যাডমিনরা পরিচালনা করতেন। এখন থেকে তিনি নিজেই এটি ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত থাকবেন।
ভিডিও বার্তার শেষে তিনি তাঁর অনুসারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁর বক্তব্য ও সাংগঠনিক সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যেন এই পেজটি বেশি বেশি শেয়ার করা হয়।
জেএইচআর