আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৬:৩৪ পিএম
আগামী ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি এই আহ্বান জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন। ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে ছাত্র-জনতা তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলেছিল। সেই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকে শাহাদাত বরণ করেন।
তিনি উল্লেখ করেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাঁদের এই মহান আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ভাষা শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, যা শহীদদের প্রতি বৈশ্বিক সম্মানের প্রতীক। রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলার সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জামায়াতের আমির বলেন, আমাদের ভাষা ও সংস্কৃতিকে সুরক্ষিত রাখতে সবাইকে সচেষ্ট হতে হবে, তবেই শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, দেশবাসী এমন এক সময়ে ভাষা দিবস পালন করছে, যখন নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে পরাজিত শক্তির দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ভোটাধিকার নিশ্চিত করবে। জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব বলেও তিনি স্মরণ করিয়ে দেন।
বিবৃতিতে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজনের মাধ্যমে কর্মসূচি পালনের জন্য জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশবাসীর প্রতি তিনি বিশেষভাবে অনুরোধ জানান। শহীদদের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এই রাজনৈতিক নেতা।
জেএইচআর