আমার সংবাদ ডেস্ক
মে ১, ২০২৬, ০২:১৯ পিএম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শ্রমিকদের আন্দোলন সফল করতে হলে হঠাৎ করে রাস্তায় নেমে পড়া যথেষ্ট নয়। এর জন্য আগে থেকে সংগঠিত প্রস্তুতি নিতে হয় এবং উপযুক্ত সময়ে আন্দোলনের ঘোষণা দিতে হয়। তাহলেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শ্রমিক আন্দোলনের পূর্বসূরিরা ঐক্যবদ্ধ ছিলেন বলেই তারা মে দিবসের মতো একটি ঐতিহাসিক দিন সৃষ্টি করতে পেরেছিলেন। মে দিবস এবং এর আগে-পরে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।
নজরুল ইসলাম খান আরও বলেন, মে দিবস শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও অনন্য দিন। এই দিনে দেশের ভেতরে ও বাইরে থাকা বাংলাদেশি শ্রমিকদের পাশাপাশি সারা বিশ্বের মেহনতি মানুষের প্রতি তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি আরও উল্লেখ করেন, আজকের শ্রমিক আন্দোলনের পরিবেশ গড়ে তুলতে যাদের অবদান রয়েছে, তাদেরকে স্মরণ ও শ্রদ্ধা না জানালে ভবিষ্যৎ প্রজন্মও আমাদের স্মরণ করবে না।
এম জি