আমার সংবাদ ডেস্ক
মে ৮, ২০২৬, ০২:৫৩ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছিলেন বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, হাসনাত ও সারজিস শুরু থেকেই চেয়েছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। তারা কোটা সংস্কার আন্দোলনের সফলতা চেয়েছিলেন ঠিকই, কিন্তু সরকারের পতন বা গণঅভ্যুত্থান হোক- তা তারা চাননি। ১৯ জুলাই মন্ত্রীদের সঙ্গে তাদের সংলাপ করতে যাওয়ার বিষয়টিকেই এর প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি। রাশেদ খানের মতে, গণঅভ্যুত্থানের সময় নিজেদের সেই ‘দুর্বলতা’ ঢাকতেই পরবর্তীতে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে সোচ্চার হয়েছিলেন।
বক্তব্য চলাকালীন রাশেদ খান বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের একটি বইয়ের উদ্ধৃতি দেন। তিনি বলেন, আসিফ মাহমুদের বইয়ে স্পষ্টভাবে লেখা আছে যে, আন্দোলনের এক পর্যায়ে হাসনাত ও সারজিস সেনাবাহিনীর গাড়িতে করে বঙ্গভবনে যাচ্ছিলেন। সে সময় আমরা তাদের হুঁশিয়ার করেছিলাম যে, জনগণের কাছে ফিরে না এলে তাদের ‘জাতীয় বেইমান’ হিসেবে চিহ্নিত করা হবে।
রাশেদ খান আরও মন্তব্য করেন যে, জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত আব্দুল্লাহর ভূমিকা নিয়ে যথেষ্ট নেতিবাচক তথ্য রয়েছে। এমনকি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরেও তাদের নিয়ে নানা গুঞ্জন ছিল বলে তিনি দাবি করেন। যদিও বর্তমানে রাজনীতির স্বার্থে সেসব বিষয় প্রকাশ্যে আনা হচ্ছে না বলে জানান এই বিএনপি নেতা।
রাশেদ খানের এমন বিস্ফোরক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।