আমার সংবাদ ডেস্ক
জুন ৫, ২০২৬, ০৭:২৭ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনো বিপ্লবী রাজনৈতিক দল নয়; এটি জনগণের অধিকার, গণতন্ত্র ও কল্যাণে বিশ্বাসী একটি উদার গণতান্ত্রিক দল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ও কুরুচিপূর্ণ ভাষা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবেশ ও সুযোগ সৃষ্টি হয়েছে, তা নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে কাজ করছে। দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য তৈরির অপচেষ্টাও চলছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রতি আস্থাহীন একটি অশুভ শক্তি দেশে সক্রিয় রয়েছে। এসব অপশক্তিকে চিহ্নিত করে প্রতিহত করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং দেশের স্বার্থে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং উদ্দেশ্যপ্রণোদিত কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে সুস্থ রাজনৈতিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে। এ প্রবণতা বন্ধে রাজনৈতিক দল ও নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তব্যের শেষদিকে তিনি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এম জি