ঝালকাঠি প্রতিনিধি
জুন ৫, ২০২৬, ০৮:১৯ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝালকাঠি শহরের লিচুবাগানে মানববৃক্ষ তৈরি করেছে ঝালকাঠি গাছপালা-নদীনালা রক্ষা আন্দোলন। শুক্রবার (৫ জুন) বেলা ১১টায় সংগঠনটি জেলার পরিবেশপ্রেমী নাগরিকদের নিয়ে হাতে হাত মিলিয়ে একটি বৃক্ষের আদলে মানববৃক্ষ তৈরি করে দিবসটি উদযাপন করে।
এ সময় মানববৃক্ষের মাধ্যমে লিচুবাগানের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানানো হয়। পরিবেশবাদীরা ঝালকাঠি শহরের ‘ফুসফুস’ খ্যাত লিচুবাগান এলাকার জমি দুটি কলেজের নামে বরাদ্দ বাতিল করে সেখানে পুনরায় প্রাকৃতিক পরিবেশ ও লিচুবাগান ফিরিয়ে আনার আহ্বান জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল- “এক দফা, এক দাবি-দুই কলেজ সরে যাবি” এবং “আমরা চাই, আমরা চাই-লিচুবাগান ফিরে চাই”।
গাছ রোপণের উপযোগী সময় না হওয়ায় একটি লিচুগাছকে প্রতীক হিসেবে স্থাপন করা হয়। একই সঙ্গে শিগগিরই লিচুগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ পরিকল্পিতভাবে রোপণের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি গাছপালা-নদীনালা রক্ষা আন্দোলনের উপদেষ্টা মল্লিক মোহাম্মদ নাসির উদ্দীন কবির, ইলিয়াস সিকদার ফরহাদ, সাকিনা আলম লীজা, ফাইয়াজ ইফতেখার রনি, সহসভাপতি আজমীর হোসেন তালুকদার, আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজ, মুনশি রেজাউল হক আজিম এবং নির্বাহী সদস্য শফিউল আজম টুটুলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রায় ৫০ জন সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকিরুল হক সরকার।
ঝালকাঠি গাছপালা-নদীনালা রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ইসমাঈল মুসাফির বলেন, “সারাদেশে সবুজ বেষ্টনীর দিক থেকে ঝালকাঠি অন্যতম সমৃদ্ধ জেলা। এই অবস্থান ধরে রাখতে হবে। পরিবেশবিরোধী যেকোনো উদ্যোগের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
এম জি