তানজিদ সরওয়ার
সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৬:৪৮ পিএম
বাংলাদেশের রাজধানী ঢাকা। দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ মহানগরী। প্রতিদিন প্রায় দুই কোটিরও বেশি মানুষ এই শহরে বসবাস করে, ব্যবসা করে এবং নানান সরকারি-বেসরকারি কাজে অংশ নেয়। এত বড় জনসংখ্যার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণ নিশ্চিত করা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ডিএমপি প্রতিনিয়ত কাজ করছে, যার ফলে শহরের সাধারণ মানুষ হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে।
ডিএমপির মূল দায়িত্ব
ডিএমপির প্রধান কাজ হলো ঢাকা শহরের আইনশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা। তাদের কাজের পরিধি বিশাল। অপরাধ তদন্ত, আসামি গ্রেপ্তার, মাদক ও মানব পাচার প্রতিরোধ, ট্রাফিক নিয়ন্ত্রণ, গণসম্পৃক্ততা বৃদ্ধি, কূটনৈতিক নিরাপত্তা এবং জনসাধারণকে বিভিন্ন ধরনের সেবা প্রদান।
প্রতিদিন শহরের বিভিন্ন থানা, গোয়েন্দা বিভাগ এবং ট্রাফিক বিভাগ একযোগে কাজ করছে যাতে অপরাধ দমন ও আইন প্রয়োগ কার্যক্রম দ্রুত এবং কার্যকর হয়।
সাম্প্রতিক সময়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসির সরাসরি নির্দেশনায় জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার হয়েছে।
অপরাধ তদন্ত ও আসামি গ্রেপ্তার
ডিএমপি পুলিশের অন্যতম প্রধান কাজ হলো অপরাধ শনাক্তকরণ ও তদন্ত। চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, মাদক পাচার, নারী ও শিশু পাচার, সাইবার অপরাধসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তদন্ত বিভাগ (ডিবি) করে থাকে।
অপরাধ সংঘটিত হওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ, সাক্ষী চিহ্নিতকরণ এবং আসামি গ্রেপ্তার করে তারা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ডিএমপি কমিশনার ২০২৫ সালের ১০ জানুয়ারি একটি বিশেষ নির্দেশনা জারি করেন যাতে সাধারণ ডায়েরি (জিডি) করার পর এক ঘণ্টার মধ্যে পুলিশকে ঘটনাস্থলে পৌঁছাতে হয় এবং প্রাথমিক তদন্ত শুরু করতে হয়। এই নীতি প্রয়োগের ফলে অপরাধের দ্রুত প্রতিকার সম্ভব হচ্ছে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে।
ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসন
ঢাকার যানজট একটি দীর্ঘস্থায়ী সমস্যা। প্রতিদিন লাখো যানবাহন রাজধানীতে চলাচল করে, যার ফলে প্রায়শই তীব্র যানজট সৃষ্টি হয়। ডিএমপির ট্রাফিক বিভাগ ২৪ ঘণ্টা মাঠে থেকে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নির্দিষ্ট সময়ে স্কুল-কলেজের ছুটির সময় বা অফিস সময়ে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিশেষ দিবস বা ভিআইপি চলাচলের সময় ট্রাফিক ব্যবস্থাপনা আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হয়।
কূটনৈতিক ও ভিআইপি নিরাপত্তা
ঢাকা শহরে অবস্থিত বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করা ডিএমপির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুরক্ষা ও প্রোটোকল বিভাগ প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, বিদেশি অতিথি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা প্রদান করে। ভিআইপি মুভমেন্টের সময় শহরে নিরাপত্তা বলয় তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী।
বিশেষায়িত ইউনিট ও সোয়াট টিম
ঢাকা মেট্রোপলিটন পুলিশে বেশ কিছু বিশেষায়িত ইউনিট রয়েছে। গোয়েন্দা বিভাগ, অপরাধ তদন্ত বিভাগ, ট্রাফিক বিভাগ, বোমা নিষ্ক্রিয়করণ দল এবং বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট) ইউনিট অন্যতম। ২০০৯ সালে গঠিত সোয়াট টিম যেকোনো জিম্মি উদ্ধার অভিযান, সন্ত্রাসবিরোধী অভিযান বা উচ্চ ঝুঁকির অভিযানে অংশ নেয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সোয়াট টিমের আদলে প্রশিক্ষিত এই ইউনিট কঠোর মানসিক ও শারীরিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হয়েছে।
নারী পুলিশ বাহিনীর অংশগ্রহণ
নারী পুলিশ বাহিনী ডিএমপির একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ১৯৭৬ সালে প্রথম নারী পুলিশ সদস্য ডিএমপিতে নিয়োগ পান। ২০০৮ সালে বিশেষ নারী পুলিশ বাহিনী গঠন করা হয়, যারা নারী ও শিশু নির্যাতন মামলার তদন্ত, নারী অপরাধীদের গ্রেপ্তার ও আইনি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে নারী পুলিশ সদস্যরা থানা পর্যায় থেকে শুরু করে কমিশনার অফিস পর্যন্ত দায়িত্ব পালন করছে।
গণসম্পৃক্ততা ও সামাজিক যোগাযোগ
ডিএমপি জনগণের সাথে সরাসরি যোগাযোগ রাখতে সোশ্যাল মিডিয়াকে একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করছে। ডিএমপির ফেসবুক পেজ ও হেল্পলাইন নম্বরের মাধ্যমে নাগরিকরা অভিযোগ, পরামর্শ ও তথ্য প্রদান করতে পারছে। জরুরি পরিস্থিতিতে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশি সহায়তা পাওয়া যাচ্ছে।
থানা ভিত্তিক কার্যক্রম জোরদার
কমিশনারের নির্দেশনা অনুযায়ী উত্তরা, গুলশান, তেজগাঁও, মিরপুর, রমনা, মতিঝিল, ওয়ারী ও লালবাগ বিভাগের আওতাধীন ৫০টি থানা দিনরাত পরিশ্রম করছে। প্রতিটি থানায় পর্যাপ্ত জনবল, আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে যাতে অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসে।
প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা
ডিএমপি সদর দপ্তর থেকে পুলিশ সদস্যদের নিয়োগ, প্রশিক্ষণ, অস্ত্র পরিচালনা এবং রসদ সরবরাহ করা হয়। অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ও যুগ্ম কমিশনারগণ এই কাজের তদারকি করেন। আধুনিক সরঞ্জাম, ডিজিটাল ডাটাবেজ ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর হচ্ছে।
জনগণের আস্থা অর্জন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং একটি জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। বিভিন্ন সামাজিক সচেতনতা কর্মসূচি, ট্রাফিক সপ্তাহ, সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন এবং মাদকবিরোধী প্রচারণার মাধ্যমে তারা নগরবাসীকে সম্পৃক্ত করছে।
একটি দ্রুত বর্ধনশীল মহানগরীতে অপরাধ দমন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা বজায় রাখা নিসন্দেহে একটি কঠিন কাজ। তবুও ডিএমপি পুলিশ তাদের সীমিত সম্পদ ও জনবল নিয়েও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর নেতৃত্বে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হচ্ছে, যা দেশের উন্নয়নের জন্য অপরিহার্য।
ডিএমপির এই প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে ঢাকা শহর আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ এবং বাসযোগ্য হবে বলে আশা করছে নগরবাসী।
টিএস/ইএইচ