ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

অবসর ভেঙে ডি মারিয়া কি ফিরবেন বিশ্বকাপে?

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৩:১৮ পিএম

অবসর ভেঙে ডি মারিয়া কি ফিরবেন বিশ্বকাপে?

অ্যাঞ্জেল ডি মারিয়াকে আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে এমন আলোচনা জোরালো হচ্ছে ফুটবল দুনিয়ায়। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরও দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা। তাই ২০২৬ বিশ্বকাপে তিনি ফের আলবিসেলেস্তেদের হয়ে মাঠে নামবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

২০২৪ সালে কোপা আমেরিকা জয়ের পর জাতীয় দলকে বিদায় জানান ৩৮ বছর বয়সী ডি মারিয়া। আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচে ৩১ গোল করা এই কিংবদন্তি বর্তমানে নিজের শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে খেলছেন। বয়স বাড়লেও মাঠের পারফরম্যান্সে এখনো ধার কমেনি তাঁর।

আর্জেন্টিনার লিগা প্রফেশনালে সোমবার বারাকাস সেন্ট্রালের বিপক্ষে ২-০ গোলের জয়ে একটি চমৎকার গোল করেন ডি মারিয়া। এর আগের দুই ম্যাচেও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন তিনি। ক্লাবটির ইতিহাসে ৩৮ বছর বয়সের পর গোল করা মাত্র চারজন ফুটবলারের একজন এখন ডি মারিয়া।

তাঁর এই ধারাবাহিক পারফরম্যান্সই নতুন করে প্রশ্ন তুলছে আসন্ন বিশ্বকাপে কি আবারও আকাশী-সাদা জার্সিতে দেখা যাবে তাঁকে? সমর্থকদের পাশাপাশি আর্জেন্টিনার সাবেক ফুটবলাররাও এখন সেই সম্ভাবনা নিয়ে কথা বলছেন।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক গোলকিপার উবালদো মাতিলদো ফিল্লোল মনে করেন, ডি মারিয়ার ফেরার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য এই কিংবদন্তি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ডি মারিয়ার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন।

ফিল্লোল জানান, তিনি শুনেছেন কোচিং স্টাফ এবং কিছু খেলোয়াড় ডি মারিয়াকে জাতীয় দলে ফিরতে উৎসাহিত করছেন। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তিনি মনে করেন, ডি মারিয়া অবশ্যই খেলতে আসবেন এবং কোচিং স্টাফ তাঁকে পরবর্তী বিশ্বকাপে খেলতে রাজি করাতে সক্ষম হবে।

ফিল্লোলের এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক সমর্থক ডি মারিয়ার ফেরার পক্ষে মত দিলেও কেউ কেউ মনে করছেন, জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার ফাইনালের বিদায়টাই ছিল তাঁর সবচেয়ে সুন্দর সমাপ্তি। তবে নিয়মিত একাদশে না খেললেও দলের সঙ্গে অভিজ্ঞ ডি মারিয়ার উপস্থিতি লিওনেল মেসিদের বাড়তি আত্মবিশ্বাস দিতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

জেএইচআর

Link copied!