স্পোর্টস ডেস্ক
জুন ২০, ২০২৬, ০১:১৫ এএম
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২০ জুন) প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে তুরস্ক। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এই ম্যাচ বড় পর্দায় সম্প্রচারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক সরকার।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব প্রদেশের গভর্নরদের কাছে নির্দেশনা পাঠিয়ে জানিয়েছে, তুরস্কের বিশ্বকাপ ম্যাচ উপলক্ষে কোনো স্থানে বড় পাবলিক স্ক্রিন স্থাপনের অনুমতি দেওয়া যাবে না।
মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, এই পদক্ষেপের ফলে শব্দদূষণ ও যানজট কমবে। এতে শনি ও রোববার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা উপকৃত হবে। ওয়াইকেএস নামে পরিচিত এই পরীক্ষায় প্রতি বছর বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে দেশের বিভিন্ন শহরে তুরস্ক–প্যারাগুয়ে ম্যাচ বড় পর্দায় দেখানোর উদ্যোগ নিয়েছিল স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর সেই সব আয়োজন বাতিল করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার সময় শিক্ষার্থীরা যাতে শব্দদূষণ বা অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কোনো সমস্যায় না পড়ে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের বিশ্বকাপ শুরুটা ভালো হয়নি তুরস্কের। ১৫ জুন নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হয় তারা। ওই ম্যাচ ইস্তাম্বুলসহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হয়েছিল।
সেই সময় পার্ক ও উন্মুক্ত স্থানে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দক্ষিণাঞ্চলীয় আনতালিয়া প্রদেশের একটি প্রাচীন অ্যাম্ফিথিয়েটারেও ম্যাচ উপভোগ করতে বিপুলসংখ্যক সমর্থক জড়ো হয়েছিলেন।
এম জি