স্পোর্টস ডেস্ক
জুলাই ৮, ২০২৬, ১০:২১ এএম
বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় ৩–২ গোলে হারের পর শুধু ম্যাচের রেফারিং নিয়েই নয়, মাঠের বাইরের একটি ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। ড্রেসিংরুমে ফেরার পথে এক আর্জেন্টাইন সমর্থকের হাতে ইসরায়েলের পতাকা দেখে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। পরে সেই মুহূর্তের ছবি তুলতে গেলে এক ফটোসাংবাদিকের সঙ্গেও তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আটলান্টা স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন হোসাম হাসান। এ সময় আর্জেন্টিনার জার্সি পরা এক দর্শকের হাতে ইসরায়েলের পতাকা দেখতে পান তিনি। পতাকাটি দেখেই ওই সমর্থকের দিকে ক্ষোভ প্রকাশ করেন এবং আপত্তিকর ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান। এ সময় ঘটনাটি ক্যামেরাবন্দি করতে গেলে উপস্থিত এক ফটোসাংবাদিকের প্রতিও অসন্তোষ প্রকাশ করেন মিসরের কোচ।
ঘটনার পেছনে একটি প্রাসঙ্গিক বিষয়ও রয়েছে। বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করতে অস্ট্রেলিয়াকে হারানোর পর মাঠে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেছিলেন হোসাম হাসান। সেই ঘটনার পর আর্জেন্টিনা ম্যাচ শেষে ইসরায়েলের পতাকা দেখে তার এমন প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও রেফারিং নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন মিসরের এই কোচ। তার দাবি, ম্যাচে জয়ের যোগ্য ছিল তার দল। তিনি অভিযোগ করেন, আর্জেন্টিনা ম্যাচের আগেই রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল, কারণ দায়িত্বে ছিলেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। তার ভাষ্য, ম্যাচের আগে তৈরি হওয়া সেই পরিবেশের প্রভাব মাঠের সিদ্ধান্তেও পড়েছে।
হোসাম হাসান আরও অভিযোগ করেন, মিসরের একটি পেনাল্টির আবেদন ভিএআরে পর্যালোচনাও করা হয়নি। এছাড়া দলের দ্বিতীয় গোল বাতিলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, ওই সিদ্ধান্তগুলো দলের জন্য অন্যায্য ছিল এবং ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।
ম্যাচে একসময় ২–০ গোলে এগিয়ে ছিল মিসর। তবে শেষ ১৩ মিনিটে টানা তিন গোল হজম করে ৩–২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় দলটিকে। এরপর থেকেই রেফারিং নিয়ে ধারাবাহিকভাবে ক্ষোভ প্রকাশ করে আসছেন হোসাম হাসান। ম্যাচ শেষে ইসরায়েলের পতাকা ঘিরে ঘটে যাওয়া ঘটনাটি সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
এএন