বিনোদন ডেস্ক
জুলাই ১, ২০২৬, ১২:৫৬ পিএম
কলম্বিয়ার রাজধানী বোগোতার একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাটালিয়া ভিয়ালবার স্যুটকেসবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় এক ব্রিটিশ নাগরিককে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ফ্ল্যাটটি পরিষ্কার করতে গিয়ে এক পরিচ্ছন্নতাকর্মী বাথরুমে রাখা একটি ট্রাভেল স্যুটকেসের ভেতরে নাটালিয়ার মরদেহ দেখতে পান। এরপর ঘটনাটি জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে ম্যাথিউ অ্যাশলে ফস্টার-স্মিথ নামে এক ব্রিটিশ নাগরিকের নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, হত্যার পর তিনি ভুয়া পরিচয় ও জাল পাসপোর্ট ব্যবহার করে কলম্বিয়া ছেড়ে ইকুয়েডরে পালিয়ে যান।
পরে কলম্বিয়া, ইকুয়েডর ও যুক্তরাজ্যের ডরসেট পুলিশের যৌথ অভিযানে গত ২৬ জুন ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে কিতো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নাটালিয়া ফ্ল্যাটে একা থাকাকালে অভিযুক্ত সেখানে প্রবেশ করে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে আলামত গোপনের উদ্দেশ্যে মরদেহ একটি স্যুটকেসে ভরে বাথরুমে লুকিয়ে রাখা হয়।
তদন্তে উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনকে ফ্ল্যাট থেকে বিছানার চাদরসহ বিভিন্ন সামগ্রী সরিয়ে নিতে দেখা গেছে। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, নাটালিয়া গত ৩ জুন ওই ফ্ল্যাটে ওঠেন এবং ২১ জুনের মধ্যে তার ফ্ল্যাট ছাড়ার কথা ছিল। পরদিন পরিচ্ছন্নতাকর্মী সেখানে গিয়ে স্যুটকেসের ভেতর মরদেহ দেখতে পান।
গ্রেপ্তারের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাথিউ দাবি করেন, ঘটনার সময় তিনি একটি আইরিশ বারে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ফুটবল ম্যাচ দেখছিলেন। পরে একটি শপিং সেন্টারে গিয়ে আইসক্রিম খেয়ে আবার খেলা দেখতে ফিরে আসেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তিনি অস্বীকার করেন।
তবে ব্রিটিশ পুলিশের তথ্য অনুযায়ী, ম্যাথিউ অ্যাশলে ফস্টার-স্মিথের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। ২০২৩ সালে এক ব্যক্তিকে উত্যক্ত ও হয়রানির দায়ে তিনি দুই বছরের কারাদণ্ড ভোগ করেন।
এএন