আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৬, ০৭:১৫ পিএম
ঢাকা মহানগরীর ফুটপাথে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং হকারদের সুশৃঙ্খলভাবে পুনর্বাসনের লক্ষ্যে আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গুলিস্তান এলাকার ১০০ জন হকারকে ডিজিটাল পরিচয়পত্র হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে সকল তালিকাভুক্ত হকারকে কিউআর কোড সম্বলিত এই পরিচয়পত্র দেওয়া হবে। এর মাধ্যমে ট্রাফিক পুলিশ সহজেই হকারদের বৈধতা ও বসার স্থান যাচাই করতে পারবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
প্রস্তাবিত ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ এর আওতায় হকারদের জন্য সুনির্দিষ্ট স্থান ও সময় নির্ধারণ করা হয়েছে। গুলিস্তান রমনা ভবনের লিংক রোড, রাজউক ভবনের পেছনের অংশ, নিউ মার্কেটের দক্ষিণ গেট এবং শাহজাহানপুর রেলওয়ে কলোনিসহ বেশ কিছু এলাকায় দৈনন্দিন মার্কেট বসবে।
এছাড়া মতিঝিল আইডিয়াল স্কুলের বিপরীতে ও ইসলাম চেম্বারের সামনে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সান্ধ্যকালীন মার্কেটের অনুমতি দেওয়া হয়েছে।
ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, হকার বসার পরও ফুটপাথে পথচারীদের চলাচলের জন্য নূন্যতম ৫-৬ ফুট জায়গা উন্মুক্ত রাখা বাধ্যতামূলক। এছাড়া খেলার মাঠ, স্কুল মাঠ বা ধর্মীয় উপাসনালয়ের সামনে কোনো বাজার বসানো যাবে না এবং ফুটপাথে কোনো স্থায়ী অবকাঠামো তৈরি করা নিষিদ্ধ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কার্যক্রম শুরু হয়েছে, যা সড়কে শৃঙ্খলা আনবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করবে। তিনি হকারদের বরাদ্দকৃত জায়গার পরিচ্ছন্নতা বজায় রেখে বৈধ ব্যবসা পরিচালনার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএইচআর