কুড়িগ্রাম প্রতিনিধি:
ডিসেম্বর ১১, ২০২৪, ০২:০৬ পিএম
কুড়িগ্রামে তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। শীতের দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষজন।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৭টায় কুড়িগ্রাম আবহাওয়া অফিসের তথ্যমতে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতায় বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষজন। তীব্র ঠান্ডায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছে। এদিকে দিনের বেলা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে থাকে।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। সকালে কুয়াশায় রাস্তাঘাট ঢেকে থাকায় শ্রমজীবী মানুষ সময়মতো কাজে যেতে পারছেনা ।এছাড়া শীতে কষ্টে পড়েছে চরাঞ্চলের মানুষসহ চর ও দ্বীপ চরের দরিদ্র মানুষজন।
কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের ধরলার পাড় এলাকার ঠেলা গাড়ি চালক মুনসুর আলি বলেন, কয়েকদিন থেকে খুব ঠান্ডা বাহে, আজ আরও বেশি ঠান্ডা বেশী মনে হয়। হাত পা বরফ হয়ে যায়। গাড়ি নিয়ে বেড়ায় যায় না।
একই এলাকার জয়নাল মিয়া (৭০) বলেন, আজকে যে ঠান্ডা লাগছে বাহে এরপরে আরও ঠান্ডা হইবে হামার মতো বুড়াগুলার কি হইবে।
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত দুই সপ্তাহ থেকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াস উঠানামা করছে। এ মাসের ১৫ তারিখের পর শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
বিআরইউ