মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো
আগস্ট ৪, ২০২৫, ০২:৪৭ পিএম
বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশিদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোকাহত চট্টগ্রামবাসী।
সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসাইন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তার ছোট বোনের জামাতা নিশ্চিত করেছেন যে মৃত্যুর আগে এম হারুন-অর-রশিদ তিনটি বিষয় ওসিয়ত করেছিলেন— দ্রুত দাফন করা, বাবার কবরের পাশে তাকে সমাহিত করা, রাষ্ট্রীয় কোনো সম্মাননা গ্রহণ না করা।
তার ভগ্নিপতি জানান, ধারণা করা হচ্ছে সাবেক সেনাপ্রধান স্ট্রোক করে মারা গেছেন এবং তিনি বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন। মৃত্যুর আগের দিন, ৩ আগস্ট রাতে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। পরদিন সকালে আদালত ও ক্যান্টনমেন্টে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল।
তিনি যে কক্ষে অবস্থান করছিলেন, সেখান থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। জানা গেছে, মৃত্যুর আগে তিনি বমি করেছিলেন এবং তিনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন।
এম হারুন-অর-রশিদ ১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালের ৬ সেপ্টেম্বর পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) ২৪তম যুদ্ধ কোর্স থেকে পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন।
২০০০ সালের ২৪ ডিসেম্বর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান। মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়।
তার মৃত্যুতে দেশ হারালো একজন দেশপ্রেমিক সেনানায়ক ও মুক্তিযোদ্ধাকে।
ইএইচ