সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫, ০৭:৩৬ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান চন্দ্রনাথ ধাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা খানম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তনু।
বৃহস্পতিবার বিকাল ৫টায় চন্দ্রনাথ ধাম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এ সময় তারা বলেন, সম্প্রতি চন্দ্রনাথ ধামে মসজিদ নির্মাণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা চলছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এসব গুজব প্রচার করা হয়েছে। চন্দ্রনাথ ধামে মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই এবং কখনো ছিলও না। এখানে হাজার বছরের পুরনো সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, যা দেশের ভাবমূর্তি বিশ্বের কাছে উজ্জ্বল করছে।
তারা আরও জানান, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্দির পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন, ওসি মুজিবুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
ইএইচ