ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৫, ০৪:৫৮ পিএম
ইটনা উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার দুপুর ২টায় উপজেলার দক্ষিণ হাওরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় প্রাণি ও মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, “ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার অলওয়েদার সড়কে প্রয়োজনে আরও ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে। মাছের ক্ষতি করে উন্নয়নমূলক কাজ করা চলবে না। হাওরের মৎস্যজীবীরা অবৈধ জাল ব্যবহার করছে, তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে।”
উপস্থিত ছিলেন ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোনতাসির হাসান খান, ইটনা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব চন্দ্র দাস, ইটনা থানা অফিসার ইনচার্জ জাফর ইকবাল, জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, এলাকার গন্যমান্য ব্যক্তি ও অন্যান্য শ্রেণি-পেশার মানুষ।
এর আগে ফরিদা আখতার মিঠামইন উপজেলা পরিষদ হলে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভা শেষে বিকাল ৩টায় তিনি স্পীডবোট যোগে ইটনা ত্যাগ করেন।
ইএইচ