আল-আমিন, নীলফামারী
সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:১৭ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, “গণতন্ত্রে ফিরতে হলে একমাত্র পথ হচ্ছে একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন। অথচ আজ টুপিওয়ালা আর বাচ্চাদের দল দেশে নির্বাচন চায় না।”
সোমবার দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা বিএনপির আয়োজনে শহরের পিটিআই মোড়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল সঞ্চালনা করেন।
ইঞ্জিনিয়ার তুহিন অভিযোগ করেন, “যখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে চাই, তখন একটি দল ও সরকারের কিছু অংশ মিলে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জানে সুষ্ঠু নির্বাচনে গেলে ক্ষমতায় থাকার সুযোগ নেই। তাই পিআর পদ্ধতির মতো নানা ফর্মুলা দিচ্ছে। অথচ আমাদের সংবিধানে এমন কোনো পদ্ধতি নেই।”
তিনি আরও বলেন, “দেশের ৮০ শতাংশ মানুষ নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়—এ কথা বলা হচ্ছে। অথচ আমি মনে করি দেশের ৯০ শতাংশ মানুষই এই পদ্ধতি সম্পর্কে জানে না। এসব প্রস্তাব দিচ্ছে তারা, যারা ক্ষমতার বাইরে থেকেও সরকারের সুবিধা ভোগ করছে।”
সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি হয়।
ইএইচ