গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:১২ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মেহেদী দাবিদার নুরাল পাগলের আস্তানায় হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় উপজেলার অধিকাংশ মসজিদে ইমাম ও মুয়াজ্জিম অনুপস্থিত রয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, ছুটিতে থাকা ইমাম ও মুয়াজ্জিমের কারণে মসজিদে সাধারণ মুসল্লীরাই আযান ও পাঁচ ওয়াক্ত নামাজ পরিচালনা করছেন। তবে মুসল্লীরা আশঙ্কা করছেন যে, সাধারণ মুসল্লীর নামাজ সহীহ ও শুদ্ধ হচ্ছে কি না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মসজিদের ইমাম ও মুয়াজ্জিম জানান, গোয়ালন্দে সংঘটিত ঝামেলা ও উত্তেজনার কারণে নিরাপত্তাহীন বোধ করে তারা ছুটিতে রয়েছেন।
স্থানীয় মুসল্লী বিপ্লব ব্যাপারী বলেন, "মসজিদে ইমাম ও মুয়াজ্জিম অনুপস্থিত থাকায় আমরা নিজেরাই নামাজ পড়াচ্ছি। তবে নামাজ শুদ্ধভাবে হচ্ছে কি না তা নিয়ে দ্বিধা রয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।"
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম বলেন, "নুরাল পাগলের আস্তানায় হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। কেউ যদি উস্কানিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এবং ভিডিও ফুটেছে, তাহলে তাদের গ্রেফতার করা হবে। তবে সরাসরি অংশগ্রহণ না করলে গ্রেফতার করা হবে না।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান জানান, "মামলার বিষয়টি তদন্তাধীন। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন।"
ইএইচ