নূরুল আমিন নূর, খুলনা
জুলাই ২০, ২০২৬, ০৯:২৭ পিএম
দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন খুলনার দুই ‘জুলাই কন্যা’। তাঁরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সামসুন্নাহার নিশি ও হাফসা খাতুন।
সোমবার চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলার দুর্গত ১ হাজার পরিবারের মাঝে প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করেন তাঁরা। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তেল, মুড়ি, স্যালাইন ও জরুরি ওষুধ।
এ ছাড়া বানভাসিদের ব্যক্তিগত প্রয়োজনীয় কিছু সামগ্রী দেওয়ার পাশাপাশি বেশ কিছু পরিবার ও মাদ্রাসাকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলাই কন্যা সামসুন্নাহার নিশি বলেন, আমরা বিশ্বাস করি, ছোট একটি সহায়তাও পারে কারো মুখে হাসি ফোটাতে। সেই বিশ্বাস থেকেই আমার সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
তিনি উল্লেখ করেন, স্বেচ্ছাসেবীরা দুর্গত এলাকায় গিয়ে সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন। পাশাপাশি তাঁরা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন এবং তাঁদের সাহস ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সামসুন্নাহার নিশি আরও বলেন, আমাদের এ মহতী কাজে সহযোগিতা করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ হেল কাফি সখাসহ আরও অনেকে।
ত্রাণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সহায়তার জন্য সহকারী শিক্ষক শেখ গোলাম মোস্তফা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সদস্য মো. হাসিবুর রহমান, জুলাইযোদ্ধা মারুফ বিল্লাহ জিহাদ, শিমুল শিকদার, সালমান সাগর, মো. হাফিজুল তালুকদার এবং মো. হাসিবুল হাসানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
জেএইচআর