কুষ্টিয়া প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৫:১৬ পিএম
উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের পাঁচরাস্তা মোড়ের স্যার সৈয়দ আহমেদ রোডে হোটেল তাজ ইন-এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়নের সদস্য মিজানুর রহমান।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. গোলাম কিবরিয়া ডাকলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম মুকুল, মোকাদ্দেস হোসেন সেলিম, আব্দুল জব্বার সুজন, আবু মনি সাকলাইন এলিন, আকরামুজ্জামান আরিফ, নাজমুল হুসাইন, মিলন খান, নাজমুল ইসলাম, চয়ন আহমেদ প্রমুখ।
আলোচনায় বক্তারা সংগঠনের অতীত, বর্তমান এবং সংকট নিরসনের বিষয়গুলো তুলে ধরেন।
নজরুল ইসলাম মুকুল বলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির মেয়াদ গত ২২ জুলাই ২০২৫ এ শেষ হয়েছে। ফলে এ কমিটি এখন বিলুপ্ত ও অবৈধ। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন করার বিধান থাকলেও তা হয়নি। বরং সাবেক নির্বাহী কমিটি কোনো সাধারণ সভা, মাসিক সভা কিংবা ত্রৈমাসিক সভা আয়োজন না করে গঠনতন্ত্র পরিপন্থীভাবে কার্যক্রম চালিয়েছে। এমনকি ভুয়া কাগজপত্র তৈরি করে আঞ্চলিক শ্রম দপ্তরে একসাথে ৩ বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিল করা হয়েছে।
তিনি আরও বলেন, সাবেক নির্বাহী কমিটিকে বারবার নির্বাচনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হলেও তারা তা করেনি। তাই আঞ্চলিক শ্রম দপ্তরের পরামর্শে গঠনতন্ত্র মোতাবেক আজকের এই বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে। এ সভা থেকে ৩ বা ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আগামী ৪৫ দিনের মধ্যে ত্রিবার্ষিক নির্বাচন আয়োজন, নির্বাচন পরিচালনা কমিটি গঠন, সদস্যদের মাসিক চাঁদা পরিশোধ করে ভোটার তালিকা প্রণয়ন, ভুয়া ও মৃত সদস্যদের নাম বাদ দিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়।
পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নজরুল ইসলাম মুকুলকে আহ্বায়ক করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— মোকাদ্দেস হোসেন সেলিম, আবু মনি সাকলাইন এলিন, আকরামুজ্জামান আরিফ ও নাজমুল হুসাইন। এই কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন নির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
এছাড়া সর্বসম্মতিক্রমে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান অ্যাডভোকেট রফিকুল ইসলাম সবুজ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট মাহমুদ হাসান রাছেল (লিটন) ও অ্যাডভোকেট মো. আবু হায়দার লিপু দায়িত্বপ্রাপ্ত হন। তারা সংগঠনের গঠনতন্ত্র মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করবেন।
সভায় আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
ইএইচ