সিলেট প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৩:৩০ পিএম
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানিয়েছেন, সিলেট মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলতে পারবে না।
বৃহস্পতিবার দুপুরে হুমায়ুন রশীদ চত্বর এলাকায় ট্রাফিক আইন মানা বিষয়ে মোটরসাইকেল চালকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
কমিশনার জানান, ব্যাটারি চালিত রিকশা বৈধ নয় এবং এর কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। চালকেরা প্রায়শই প্রশিক্ষিত নয়, ট্রাফিক আইন জানে না, এবং হঠাৎ বাঁক নেওয়ার কারণে দুর্ঘটনার সম্ভাবনা থাকে।
বলেন, “আমরা যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তাই মেট্রোপলিটন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল করা যাবে না।”
তিনি আরও বলেন, নগরবাসী যানজটমুক্ত এবং ফুটপাত নিরাপদে ব্যবহার করতে চান। এজন্য পুলিশ ফুটপাত হকারমুক্ত ও রাস্তা যানজটমুক্ত করার উদ্যোগ গ্রহণ করছে।
কমিশনার হেলমেট পরার ওপরও গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “মোটরসাইকেলে যাত্রী ও চালক সকলের জন্য হেলমেট পরা বাধ্যতামূলক, যা তাদের নিরাপত্তার জন্য অপরিহার্য।”
ইএইচ