আল-আমিন, নীলফামারী
সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০২:৫৮ পিএম
শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পন্ন করেছে নীলফামারী জেলা পুলিশ।
বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ ২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেন নীলফামারী জেলা পুলিশ সুপার এবং টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি এ.এফ.এম. তারিক হোসেন খান।
ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানান এবং প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মানসিকতায় কাজ করার আহ্বান জানান।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান এবং লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ.কে.এম. ফজলুল হক।
স্বচ্ছ প্রক্রিয়ায় শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
ইএইচ