সিলেট প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৫, ০৪:৫২ পিএম
সবজি আনতে পিকআপ নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী আজমত আলী। অপরদিক থেকে আসা ট্রাকের ধাক্কায় সড়কেই মারা যান তিনি।
রোববার সকালে হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সবজি ব্যবসায়ী আজমত আলী (৪০) সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার সাজিদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আজমত আলী শ্রমিকসহ খালি পিকআপ নিয়ে সবজি কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার জনতার বাজার সংলগ্ন দেওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই ট্রাক পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আজমত আলী মারা যান।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে, চালককে আটক করার চেষ্টা চলছে।”
ইএইচ