মো. মহসিন তালুকদার (মাদারীপুর)
অক্টোবর ৯, ২০২৫, ০৪:৪০ পিএম
মাদারীপুর পৌর এলাকার খাল ও মানুষের চলাচলের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে কঠোর অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। পৌর প্রশাসক ও উপ-সচিব মোহাম্মদ হাবিবুল আলম-এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় জুলি কুড়িও সড়ক সংলগ্ন খালের ওপর এবং কলেজ রোড ও ২ নং শকুনী সড়ক-এর ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য দোকানপাট ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র প্রভাবশালী মহলকে ব্যবহার করে খালের জায়গা এবং ফুটপাত দখল করে দোকানপাট তৈরি করেছিল। এর ফলে একদিকে যেমন শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল, তেমনি মানুষের চলাচলের পথও সংকুচিত হয়ে সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছিল।
উচ্ছেদ অভিযানে পৌর প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম বলেন, শহরের সৌন্দর্য রক্ষা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমাদের এই অভিযান। অবৈধ দখলদার যতই প্রভাবশালী হোক না কেন, সরকারি সম্পত্তি দখলমুক্ত করার এই ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, খাল দখলমুক্ত হওয়ায় পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে।
এই গুরুত্বপূর্ণ অভিযানে জেলা প্রশাসক ও পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। এছাড়া পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী উচ্ছেদ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। সাধারণ মানুষ পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখার জন্য নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।
জেএইচআর