সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫, ০৩:৩৩ পিএম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে পৌরসভার বাউসী স্কুল এন্ড কলেজ মাঠে মানবিক উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সরিষাবাড়ী থানার সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্র সরকার।
প্রতিটি ফুড প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, লবণ ও নিত্যপ্রয়োজনীয় মশলা মোট প্রায় ৪৫ কেজি খাদ্যসামগ্রী। সুবিধাভোগীরা এসব খাদ্যসামগ্রী পেয়ে বলেন, “এত খাবার এক সাথে পাবো এটা আমরা কল্পনাও করিনি। আমরা এই সংগঠনের সবার জন্য দোয়া করি।”
দোস্ত এইডের প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোস্ত এইডের অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, শিক্ষা অফিসার শওকত মিয়া, বাউসী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, স্থানীয় স্বেচ্ছাসেবক প্রতিনিধি রমজান আলী ও আখতারুজ্জামান সোহাগ, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, স্বপন মাহমুদ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইএইচ