বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৫, ০২:০৮ পিএম
নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি মালঞ্চ রেলগেট থেকে শুরু হয়ে বিহারকোল মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন সদ্য বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকপ্রাপ্ত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
র্যালি শেষে বিহারকোল মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
তিনি বলেন,“আপনাদের মেয়ে, আপনাদের বোন ফারজানা শারমিন পুতুলকে দল যে সম্মানে ভূষিত করেছে, সেই সম্মান রক্ষার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দলের ১৭ বছরের সংগ্রাম তখনই সফল হবে, যখন আমরা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
তিনি আরও বলেন,“ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে আমরা প্রতিজ্ঞা করি ভবিষ্যৎ প্রজন্মকে এমন একটি বাংলাদেশ উপহার দেব, যেখানে মানুষ গুম, ক্রসফায়ার ও বৈষম্যের শিকার হবে না। ধর্ম-বর্ণ বা নারী-পুরুষের কোনো বিভেদ থাকবে না; কেবল যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন হবে। সেই বাংলাদেশই হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ।”
র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নেকবর হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু, উপজেলা কৃষক দলের সভাপতি মো. রেজাউল করিম, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাহাতাব উদ্দিন, এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা।
ইএইচ