টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৫, ০৪:২৯ পিএম
আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে টুঙ্গিপাড়া উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলার (বজ্রকণ্ঠ) হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার পাঁচটি ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, আনসার সদস্য, পুলিশ প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলার প্রায় ৩০০ জন ইমাম, কওমি মাদ্রাসার মুহতামিমগণ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় ইউএনও ফারজানা আক্তার বলেন, “উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। আপনারা আমাকে সহযোগিতা করলে আমিও আপনাদের পাশে থাকব। কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে।”
টুঙ্গিপাড়া থানার ওসি মো. জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম) বলেন, “আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর মতো কিছু দেখলেই ভিডিও করে দ্রুত পুলিশকে জানাবেন। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় প্রধান নির্দেশনাগুলো ছিল, মসজিদের ইমামরা খুতবায় শান্তি বজায় রাখার বার্তা দেবেন। চেয়ারম্যানরা নিজ নিজ ওয়ার্ডে নজরদারি বাড়াবেন। গণমাধ্যমকর্মীরা গুজব প্রতিরোধে সজাগ থাকবেন।
সভায় অংশগ্রহণকারী সকলেই আগামী ১৩ তারিখ যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
ইএইচ