আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
নভেম্বর ১২, ২০২৫, ০৭:৫৫ পিএম
ময়মনসিংহে স্থানীয় গণমাধ্যম পেশাজীবীদের জন্য অনুষ্ঠিত হয়েছে “ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন ও করণীয়” বিষয়ক দক্ষতা উন্নয়ন কর্মশালা।
বুধবার বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জেলার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীর আকরাম উদ্দীন আহম্মদ, পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।
কর্মশালার উদ্বোধনী বক্তব্যে বিএনএনআরসি’র জেলা ফোকাল পারসন ও নিষ্ঠা উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক স্বাধীন চৌধুরী বলেন, প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই বিষয়ে আইনি সীমাবদ্ধতা, তথ্যের ঘাটতি এবং সমন্বিত কেস রেজিস্ট্রির অভাব তুলে ধরেন।
বিএনএনআরসি’র প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান প্রযুক্তি-নির্ভর সহিংসতার ধরন, প্রভাব ও প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি সাংবাদিকদের তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
কর্মশালায় সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে জানান, প্রযুক্তির মাধ্যমে প্রতারণা ও সহিংসতা প্রতিরোধে তারা মাঠপর্যায়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। বিশেষ অতিথি কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু প্রত্যন্ত অঞ্চলের বাস্তবতা তুলে ধরে বলেন, ডিজিটাল নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ধারাবাহিক প্রচেষ্টা অপরিহার্য।
প্রধান অতিথি মীর আকরাম উদ্দীন আহম্মদ বলেন, “ভুল তথ্য ও অপতথ্য দমনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সত্য প্রকাশের মাধ্যমেই প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধ সম্ভব।”
কর্মশালাটি ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের অংশ, যা বাস্তবায়ন করছে বিএনএনআরসি, কারিগরি সহায়তা দিচ্ছে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।
ইএইচ