মো. নুরুল আমিন, খুলনা
নভেম্বর ১৩, ২০২৫, ০১:২২ পিএম
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সকালে খুলনা বিশেষায়িত হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের আয়োজনে এবং Credence, Healthcare-এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ বছরের প্রতিপাদ্য “কর্মক্ষেত্রে সুস্থ্য থাকুন, ডায়াবেটিসকে দূরে রাখুন” স্লোগানকে সামনে রেখে সচেতনতা মূলক এই কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ এইচ এম ছাদেকুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন।
তিনি বলেন, “ডায়াবেটিস একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা। এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কাটানোর ফলে স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা চ্যালেঞ্জিং হতে পারে। এই দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক, কর্মক্ষেত্রেই যেন আমরা নিজেদের সুস্থতা নিশ্চিত করি এবং ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারি।”
সমাবেশে বিশেষজ্ঞ বক্তারা ডায়াবেটিস ও সুস্থতা বিষয়ক তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তৃতা করেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. স্বদেশ কুমার চক্রবর্তী, নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান শেখ এবং এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান। তারা বলেন, “ডায়াবেটিস বর্তমানে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। শুধুমাত্র খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ নয়, কর্মক্ষেত্রে নিয়মিত হাঁটাচলা, পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক চাপ কমানো ডায়াবেটিস এবং এর সাথে সম্পর্কিত জটিলতা যেমন হৃদরোগ ও স্নায়বিক সমস্যাকে অনেকাংশে প্রতিরোধ করতে সাহায্য করে। সচেতনতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ডায়াবেটিস থেকে সুস্থ থাকার মূল চাবিকাঠি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ। তারা সকলে ডায়াবেটিস প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলার অঙ্গীকার করেন।
ইএইচ