ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পিরোজপুরে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ, অংশগ্রহণকারীদের সনদ প্রদান

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

জুলাই ১৯, ২০২৬, ১২:০০ পিএম

পিরোজপুরে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ, অংশগ্রহণকারীদের সনদ প্রদান

পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী ‘সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

শনিবার (১৮ জুলাই) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ কর্মশালা সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। এতে সাংবাদিকতার মৌলিক ধারণা, মানবিক আবেদনমূলক প্রতিবেদন ও ফিচার, পুলিশের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক এবং সাংবাদিকতায় নীতি-নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বিকেলে অনুষ্ঠিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের রিপোর্টার জিয়াউল হক জিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সমাজ গঠন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সমাজের দর্পণ। এই দর্পণকে সব সময় স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে হবে, যাতে জনগণ সঠিক তথ্য পেয়ে সচেতন জনমত গড়ে তুলতে পারে।

তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিয়ে, যৌতুক ও দুর্নীতির মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে লিখতে হবে। কোনো প্রভাব বা হুমকির কাছে নতি স্বীকার না করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক জানান, স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে জেলা তথ্য অফিসের মাধ্যমে প্রতি তিন থেকে চার মাস অন্তর নিয়মিত সরকারি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের নিয়মিত মতবিনিময় সভা আয়োজনেরও আশ্বাস দেন তিনি।

এর আগে সকালে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালার আহ্বায়ক মাহমুদ হোসেন স্বাগত বক্তব্য দেন।

কর্মশালায় ‘সাংবাদিকতার মৌলিক ধারণা’ বিষয়ে প্রশিক্ষণ দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরী। ‘মানবিক আবেদনমূলক প্রতিবেদন ও ফিচার’ বিষয়ে প্রশিক্ষণ দেন কৃষিবিদ ও ফ্রিল্যান্স সাংবাদিক জগৎ প্রিয় দাস। ‘সাংবাদিকতায় পুলিশের সঙ্গে সম্পর্ক’ বিষয়ে প্রশিক্ষণ দেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান এবং ‘সাংবাদিকতায় নীতি-নৈতিকতা’ বিষয়ে প্রশিক্ষণ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা সাইফুদ্দিন আল মাদানী।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। তিনি সাংবাদিকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত নীতি-নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং কর্মশালার সফল সমাপ্তি ঘোষণা করেন। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ প্রশিক্ষণ সম্পন্নকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।

এম জি

Link copied!