নোয়াখালী প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৬, ১১:১৮ এএম
মাদকমুক্ত সমাজ গঠন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থা, নোয়াখালী জেলা শাখার আয়োজনে শনিবার (১৮ জুলাই) বিকেলে নোয়াখালী ইউনিয়নের আনসার কোম্পানির বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর।
নোয়াখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থার নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসেন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএনপি নেতা ইউসুফ মাকসুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম, নোয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন এবং মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থার পরিচালক মোবারক হোসেন রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির সহকারী পরিচালক বিবি হালিমা কাঞ্চন, নোয়াখালী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আবু সোলেমান মির্জা, বিএনপি নেতা সাঈদ ইসকান্দার বুলু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক বাবুল, কনটেন্ট ক্রিয়েটর জাহাঙ্গীর আলম নিলয় প্রমুখ।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এম জি