রাকিবুল হাসান, রাজশাহী
নভেম্বর ১৬, ২০২৫, ০৭:৫১ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, “নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো আপোষ করবে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। এখনই ঘরে ঘরে গিয়ে জনগণের সমর্থন সংগঠিত করতে হবে।”
রোববার রাজশাহীর রানীবাজারের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে তাঁর পক্ষে পরিচালনা ও প্রচারণা কমিটি গঠনের উদ্দেশ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিনু অভিযোগ করেন, “একটি রাজনৈতিক দল ধর্মের অপব্যাখ্যা ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। ধর্মের নামে মিথ্যাচার করে ভোট কেনার চেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার থেকে মানুষকে ফেরাতে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক দল। এখানে প্রতিযোগিতা আছে, তবে বিভেদ বা প্রতিহিংসা নেই। ধানের শীষের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ।”
সভায় তিনি সদর আসনের ৩০টি ওয়ার্ডে শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠনের কথা জানান এবং নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত নেতারা মিনুর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী কাজে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে মাঠে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং ভোটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করার সংকল্প ব্যক্ত করেন।
সভায় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সঞ্চালনা করেন। এতে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচ