ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
শহীদ আবু সাঈদের বাবা

আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি দেখতে চাই

রংপুর ব্যুরো

রংপুর ব্যুরো

নভেম্বর ১৭, ২০২৫, ০৬:৩৬ পিএম

আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি দেখতে চাই

চব্বিশের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে শহীদ আবু সাঈদের পরিবার। রায় ঘোষণা হওয়ার পর তারা পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার জোর দাবি জানান।

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন প্রতিক্রিয়ায় বলেন, “আমি রায়ে খুশি কিন্তু বিচার দেখতে চাই। আমার ছেলেকে কোটা সংস্কার আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। হুকুমদাতা থেকে শুরু করে যারা গুলি করেছে সবার ফাঁসি চাই। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।”

আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, “আমার ছেলে আজ নেই, তার কষ্ট আমি প্রতিদিন বয়ে বেড়াচ্ছি। যারা নির্দেশ দিয়েছে, যারা গুলি করেছে সবার বিচার চাই। অনেক মা-বাবা, ভাই-বোন প্রিয়জন হারিয়েছে। এই হত্যাকাণ্ডের পূর্ণ বিচার না হলে আমরা শান্তি পাব না।”

বড় ভাই আবু হোসেন বলেন, “শুধু রায় ঘোষণা করলেই হবে না, কার্যকর করতে হবে। শেখ হাসিনা ও তার সহচররা দীর্ঘদিন গুম-খুন করেছে। জুলাই আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছে তা মানবতাবিরোধী অপরাধের চূড়ান্ত রূপ। রায় কার্যকর হলেই শহীদদের আত্মা শান্তি পাবে।”

আবু সাঈদ হত্যা মামলার বাদী ও আরেক বড়ভাই রমজান আলী বলেন, “সবার চোখের সামনে আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। ভিডিও প্রমাণ রয়েছে। এটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার নির্দেশে হয়েছে। খুনিরা যে দেশেই পালিয়ে থাকুক, তাদের ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে।”

স্থানীয়রাও রায়কে স্বাগত জানিয়ে বলেন, “রায় হওয়া ভালো, কিন্তু কার্যকর না হলে এর মূল্য থাকবে না। এত বড় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পর দোষীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে এবং অস্থিরতা রোধে অন্তর্বর্তী সরকারের কঠোর ব্যবস্থা নিতে হবে।”

পরিবার এবং স্থানীয়দের অভিন্ন দাবি শহীদদের রক্ত বৃথা যাবে না। দণ্ডিত আসামিদের দেশে ফিরিয়ে এনে দ্রুততম সময়ে শাস্তি কার্যকর করতে হবে।

ইএইচ

Link copied!