আজিজুল হক আজিজ, চট্টগ্রাম ব্যুরো
নভেম্বর ২৫, ২০২৫, ০২:১৯ পিএম
বাংলাদেশ রেলওয়ে একদিনেই টিকিটবিহীন ২ হাজার ১১০ যাত্রীকে শনাক্ত করে জরিমানা ও ভাড়াসহ মোট ৪ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকা আদায় করেছে।
রেলওয়ের ভেরিফায়েড পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর (রোববার) পূর্বাঞ্চলে পরিচালিত বিশেষ অভিযানে ১০০ জন টিটিই দায়িত্ব পালন করেন। তারা মোট ৭১টি ট্রেনে টিকিট পরিদর্শন পরিচালনা করেন।
অভিযানে টিকিটবিহীন ২,১১০ যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়। এতে ভাড়া আদায় হয় ৩ লাখ ১৬ হাজার ৬৫ টাকা, আর জরিমানা আদায় হয় ১ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়ায় ৪ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকা।
এ ছাড়া ওই দিন মোট ২,৯০৮টি টিকিট যাচাই করা হয়।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন,“টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”
ইএইচ