মো. নুরুল আমিন, খুলনা
নভেম্বর ২৬, ২০২৫, ০৭:৩৩ পিএম
শীত মৌসুমের আগে ডেঙ্গু ও চিকনগুনিয়ার সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে বিশেষ মশক নিধন কর্মসূচি গ্রহণ করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)।
গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়নে নিয়োজিত শ্রমিকদের জরুরি নির্দেশনা প্রদানের লক্ষ্যে আজ বুধবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান।
শীতের আগে মশার বংশবিস্তার বৃদ্ধি পাওয়ায় মশাবাহিত রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগ এই বিশেষ উদ্যোগ নিয়েছে।
সভায় কর্মসূচির আওতায় স্প্রেম্যানদের তাদের নিজ নিজ ওয়ার্ড এলাকায় মশার বংশবিস্তার রোধে সকালে ৪ ঘণ্টা হ্যান্ড স্প্রে এবং উড়ন্ত মশা নিধনে বিকেলে ৪ ঘণ্টা ফগার মেশিনের মাধ্যমে নির্ধারিত ওষুধ স্প্রে করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
পাশাপাশি, পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত শ্রমিকদের আগামী ৭ দিনের মধ্যে ওয়ার্ডের সকল ড্রেন ও সড়কের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে কেসিসি’র পক্ষ থেকে নগরবাসীর প্রতিও আন্তরিক আহ্বান জানানো হয়, যাতে তারা নিজ নিজ বাড়ির আঙ্গিনা ও বদ্ধ জলাশয় পরিচ্ছন্ন রাখে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান ও মো. অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সহকারী কঞ্জারভেন্সী অফিসার, ওয়ার্ড সুপারভাইজার, স্প্রেম্যান ও পরিচ্ছন্নতাকর্মীগণ।
ইএইচ