এস এম মনিরুল ইসলাম, সাভার
ডিসেম্বর ১, ২০২৫, ০৮:৫৩ পিএম
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর গৌরবময় ইতিহাস, ক্রীড়া চেতনা ও ভবিষ্যৎ দর্শনকে তুলে ধরতে সদ্য নির্মিত থিম সং ‘‘এসো স্বদেশের পতাকা উড়াই” শিরোনামে সোমবার আত্মপ্রকাশ হয়েছে।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম অডিও ভিজ্যুয়াল সেন্টারে সকল শিক্ষক, প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে থিম সং উদ্বোধন করেন।
মহাপরিচালক বিকেএসপির থিম সংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করেন এবং ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে পেরে তিনি খুবই অভিভূত। মহাপরিচালক ‘‘এসো স্বদেশের পতাকা উড়াই” থিম সংটিকে শুধু একটি সুর না বলে এটিকে বিকেএসপির চেতনা ও গৌরবময় পথচলার প্রতীক হিসেবে চিহ্নিত করেন।
তিনি মনে করেন এ প্রতিষ্ঠান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য ক্রীড়াবিদের তৈরি করেছে। এ থিম সং আমাদের সেই যাত্রাকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে এবং দেশজুড়ে ক্রীড়াপ্রেমী মানুষের হৃদয়ে জায়গা করে নেবে, অনুপ্রাণিত করবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে। তিনি থিম সংটিতে বিকেএসপির শৃঙ্খলা, কঠোর পরিশ্রম, দেশপ্রেম এবং জয়ের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে বলে জানান।
সবশেষে মহাপরিচালক যাদের পরিশ্রমে থিম সংটি বাস্তব রূপ পেয়েছে সে সকল শিল্পী, গীতিকার, সুরকার, নির্মাতা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ‘‘এসো স্বদেশের পতাকা উড়াই” বিকেএসপি’র এ থিম সং এর গীতিকার ছিলেন বিকেএসপি ক্রীড়া কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং নিহার আহমেদ। সুর দিয়েছেন বেলাল খান। সঙ্গীত আয়োজনে ছিলেন সজিব এবং শিল্পীরা ছিলেন কণা, বেলাল খান, নদী ও সজিব।
ইএইচ