নারায়ণগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৫, ০৮:০১ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমরা নারায়ণগঞ্জ এর সন্তান সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার শুরু হয়।
সংগঠনের সভাপতি মো. মোক্তার হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। প্রধান আলোচক ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান।
উন্মুক্ত আলোচনায় বক্তারা নদী ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে উল্লেখ করা হয়, নরসিংদী ও মাধবদী থেকে ডাইং-এর কেমিক্যালের বিষাক্ত পানি আড়াইহাজারসহ নারায়ণগঞ্জের নদ-নদী দূষিত করছে। এছাড়াও শতাধিক সাইজিং মিল ও ইট ভাটার কালো ধোঁয়া পরিবেশ নষ্ট করছে। দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
প্রধান অতিথি আশ্বস্ত করেন, আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠিত হলে বৃহত্তর সামাজিক আন্দোলনের মাধ্যমে নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। প্রধান আলোচকও প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সেমিনারে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা জলি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, শিক্ষক ও সুশীল সমাজের অন্যান্য প্রতিনিধিরা।
জেএইচআর