কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৫, ০৪:৩৩ পিএম
১৭ বছরের আন্দোলনের ফসল হিসেবে আজ ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল। দীর্ঘদিনের আন্দোলনের পর সামনে আসা নির্বাচন থেকে সর্বোচ্চ সফলতা নিয়ে বাড়ি ফেরার অনুরোধ জানিয়েছেন নোয়াখালী পাঁচ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. ফখরুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে বসুরহাট মেট্রো টাওয়ারে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "এবারের নির্বাচন আমাদের জন্য কঠিন এক চ্যালেঞ্জের নির্বাচন, এই নির্বাচনে আমাদের প্রতিপক্ষ দুইটি দৃশ্যমান প্রতিপক্ষ ও অদৃশ্যমান প্রতিপক্ষ। অদৃশ্যমান প্রতিপক্ষ আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে অনৈক্য তৈরি করে আমাদেরকে পরাজিত করতে উঠে পড়ে লেগেছে। তাই আমাদেরকে মোকাবেলা করতে হবে চ্যালেঞ্জ নিয়ে।"
ফখরুল ইসলাম আরও বলেন, "একটা শ্রেণি আমাদের বিরুদ্ধে মিথ্যে তথ্য ছড়িয়ে অপপ্রচারের মাধ্যমে আমাদের জনপ্রিয়তা নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। তাই চুপ করে না থেকে সত্য দিয়ে অপপ্রচারের জবাব দিতে হবে।"
সভায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুদ্দিন হায়দারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সগীর, যুগ্ম আহ্বায়ক মমিনুল হক, প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রিপুল, যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব নুরুদ্দিন ফাহাদ, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম বিটন, নোমান হোসেন আকাশ, আরিফুল হক আরিফ প্রমুখ।
ইএইচ