মাসুদ রানা, ধামরাই (ঢাকা)
ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:১১ এএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধের ফটক সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে স্মৃতিসৌধের ফটক খুলে দেওয়ার পর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
প্রায় এক মাস ধরে প্রস্তুতির পর রেওয়াজ অনুযায়ী গত চার দিন সর্বসাধারণের প্রবেশ পুরোপুরি বন্ধ ছিল স্মৃতিসৌধ এলাকায়। ফটক খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই হাজারো জনতা শ্রদ্ধা জানাতে প্রবেশ করেন।
সরেজমিনে দেখা যায়, স্মৃতিসৌধের সামনের ঢাকা-আরিচা মহাসড়ক জুড়ে রাজনৈতিক ও অরাজনৈতিক সাধারণ মানুষের ঢল নেমেছে। অনেকে ভোর থেকেই ভিড় জমিয়েছেন এবং ৪-৫ ঘণ্টা যাবৎ অপেক্ষা করছেন শ্রদ্ধা নিবেদনের জন্য।
এদিকে, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। নিয়মিত পোশাকের বাইরে সাদা পোশাকেও নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করছেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, ১৬ ডিসেম্বর উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের জন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাভারের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা উন্নত করা হয়েছে এবং পোশাকে ও সাদা পোশাকে চার হাজারের বেশি ফোর্স মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রায় ২৩ কিলোমিটার মহাসড়কে ১৩টি সেক্টরের মাধ্যমে ৪ হাজার পুলিশের ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইএইচ