ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সরিষাবাড়ীতে কোটি টাকার ব্রিজের সংযোগ সড়কে ধস: দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী

রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী

ডিসেম্বর ২৫, ২০২৫, ০২:৪১ পিএম

সরিষাবাড়ীতে কোটি টাকার ব্রিজের সংযোগ সড়কে ধস: দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি গার্ডার ব্রিজের সংযোগ সড়কে ধস নেমেছে। নির্মাণের মাত্র ছয় মাসের মাথায় সাতপোয়া ইউনিয়নের ঘোড়ামারা বাজার সংলগ্ন ঝিনাই শাখা নদীর ওপর নির্মিত এই ব্রিজের দুই পাশের সড়ক ধসে পড়ায় চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, ১১ কোটি ৩৫ লাখ ২২ হাজার ১৩৬ টাকা ব্যয়ে ১৪০ মিটার দীর্ঘ এই ব্রিজ এবং ৩৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়। ২০২৩ সালে শুরু হয়ে ২০২৫ সালের জুনে কাজ শেষ করার কথা থাকলেও চৌধুরী এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান ছয় মাস আগেই কাজ বুঝিয়ে দেয়। কিন্তু সাম্প্রতিক বর্ষণে সংযোগ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মাটি ধসে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ চলাকালীন নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে আপত্তি জানালেও তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার ফারুক চৌধুরীর লোকজন তা আমলে নেননি। বর্তমানে সড়কের বেহাল দশায় আদ্রা, চর রৌহা ও মাদারগঞ্জসহ কয়েকটি গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এরই মধ্যে গর্তে পড়ে বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন বলেও জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য শাকিল জানান, ক্ষমতার দাপট দেখিয়ে নিম্নমানের কাজ করায় আজ এই দশা হয়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশল অফিসকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযুক্ত ঠিকাদার ফারুক চৌধুরী রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সরিষাবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, সংযোগ সড়ক ধসে যাওয়ার বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। তারা দ্রুত সংস্কার করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। জনদুর্ভোগ লাঘবে শিগগিরই কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইএইচ

Link copied!