হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৬, ০২:১৩ পিএম
উত্তরের জেলা দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরের হিলিতে টানা কনকনে শীতের দাপট আরও জোরালো হয়ে উঠেছে। ঘন কুয়াশা এবং হাড়কাঁপানো হিমেল বাতাসে জনজীবন জুবুথুবু হয়ে পড়েছে।
রোববার ভোররাত থেকেই ঘন কুয়াশায় সড়ক ও মাঠঘাট আচ্ছন্ন হয়ে থাকে।
টানা শীতের প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, শিশু ও বয়স্করা। শীত থেকে রক্ষা পেতে অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে খেটে খাওয়া মানুষদের দৈনন্দিন কাজে মারাত্মক বিঘ্ন ঘটছে। শীতল বাতাসের সঙ্গে ঘন কুয়াশার প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
অটোরিকশা চালক শাওন জানান, শীতের তীব্রতা এতো বেশি যে ঘর থেকে বের হতে মন না চাইলেও জীবিকার প্রয়োজনে বের হতে হয়। দিন আনি দিন খাই, তার ওপর কিস্তির টাকা জোগাড় করতে হবে। কিন্তু বাইরে লোকজনের চলাচল কম থাকায় আয়ও অনেক কমে গেছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯০ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে। কুয়াশা ও ঠান্ডার কারণে সকালবেলায় সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে এবং অনেক স্থানে দৃশ্যমানতা কমে গেছে।
পরবর্তীতে সকাল ৯টায় আবহাওয়া অফিস থেকে জানানো হয়, আজকের চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রাও ১১.৬ ডিগ্রি সেলসিয়াসেই স্থির রয়েছে।
ইএইচ