মো. রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)
জানুয়ারি ১১, ২০২৬, ০১:২৩ পিএম
রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী হারুন অর রশিদ (ধারণ) তার নির্বাচনি এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বালিয়াকান্দি, পাংশা ও কালুখালি উপজেলার সাধারণ মানুষ থেকে শুরু করে সব ধর্মপ্রাণের মানুষ ও স্থানীয় জনগণ তার সঙ্গে নির্বাচনি প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। বিএনপির এই প্রার্থী তাদেরকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরে মানুষের সুখ-দুঃখ শোনা, তাদের সমস্যা জানা এবং তা সমাধানের চেষ্টা করছেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘ ১০–১৫ বছর ধরে রাজবাড়ী-২ আসনে বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত করার কারণে হারুন অর রশিদ এলাকায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। এক সময় বিভিন্ন গ্রুপে বিভক্ত রাজনীতিতে তার ধানের শীষের মনোনয়ন ঘোষণার পর এক অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে।
জানা যায়, বালিয়াকান্দি, পাংশা ও কালুখালি উপজেলায় যারা আগে ভিন্ন ভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন, তারা এখন স্বতঃস্ফূর্তভাবে তার পাশে এসে ধানের শীষের পক্ষে কাজ করছেন। এতে করে পুরো আসনজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ভাষ্যমতে, হারুন অর রশিদ সব ধর্ম-বর্ণের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত। তার নেতৃত্বে বালিয়াকান্দি, পাংশা ও কালুখালি উপজেলায় ধানের শীষ প্রতীকটি নতুন করে সমর্থন ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ জানান, আগে আমাদের দলে কিছুটা বিভাজন থাকলেও ধানের শীষের মনোনয়ন ঘোষণার পর সব বিভেদ ভুলে নেতাকর্মীরা একত্রিত হয়েছেন। জনাব হারুন অর রশিদের নেতৃত্বে আমাদের দল এখন ঐক্যবদ্ধ। এই ঐক্য ও জনসমর্থনের ভিত্তিতে রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রার্থী ব্যাপক ব্যবধানে বিজয়ী হবেন।
নিজের নির্বাচনি প্রচারণা প্রসঙ্গে হারুন অর রশিদ (ধারণ) বলেন, আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছাচ্ছি—ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক পটভূমি নির্বিশেষে। বালিয়াকান্দি, পাংশা ও কালুখালি উপজেলায় মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং তাদের সমস্যার সমাধান করাই আমাদের মূল অগ্রাধিকার। আশা করি সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবে এবং রাজবাড়ী-২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে রাজবাড়ী-২ আসনে বিএনপির অবস্থান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।
এএন