বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬, ০৪:১৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি জোট সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাথাল প্রতীকের বিজয় নিশ্চিত করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার দুপুরে উপজেলার ভোজন বাড়ি রেস্টুরেন্টে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নির্বাচনী দিকনির্দেশনা তুলে ধরেন। এ সময় সবাইকে দলীয় ঐক্য বজায় রেখে মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় জোনায়েদ সাকি বলেন, “গত ১৭ বছর ধরে আপনারা যে লড়াই-সংগ্রাম করেছেন, গুম-খুন, মামলা, হামলা ও জেল-জুলুমের মধ্য দিয়ে যে নির্যাতনের মুখোমুখি হয়েছেন, তা আমরা ভুলিনি। ফ্যাসিবাদী সরকার বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তিনি তার সন্তানকেও হারিয়েছেন। এসব ত্যাগ আমাদের চলার পথের দিকনির্দেশনা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে হলে ন্যায়, নীতি, বিচার, সংস্কার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জাতীয় স্বার্থ রক্ষা করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আগামী দিনে সেই কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।”
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি পলাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাঈদ।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মুসার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, সদস্য ভিপি নাজমুল হুদা ও গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ ও জালাল উদ্দিন বাদল, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাঈদ, সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ইএইচ