রাকিবুল হাসান, রাজশাহী
ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:০৭ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার সকালে নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহত শিক্ষার্থীর নাম মাহদী হাসান মুরাদ (২২)। তিনি লালমনিরহাট জেলার শিবরামপুর এলাকার আব্দুল মালেকের ছেলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন পরিবর্তনের জন্য আব্দুলপুর জংশনে থামে। এ সময় মাহদী হাসান মুরাদ ট্রেন থেকে নেমে কিছু কেনার চেষ্টা করছিলেন। অসাবধানতাবশত তিনি চলন্ত ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
আব্দুলপুর স্টেশন মাস্টার এসএম আবু সালেহ বলেন, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশকে জানানো হয়। পরে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।
ইএইচ