বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:৩৭ পিএম
একসময় বিএনপি জামাতের সঙ্গে জোট করেছিল, সেই সময়ই আমরা বলেছিলাম জামাত যাদের বন্ধু হবে তাদের শত্রুর আর প্রয়োজন নেই। আজও সেই বাস্তবতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স. উ. ম আব্দুস সামাদ।
তিনি বলেন, বর্তমানে যারা ১১ দলীয় জোট গঠন করেছে তাদের প্রতিও একই কথা প্রযোজ্য। জামাত যখন কারও বন্ধু হয়, তখন তাদের নতুন করে শত্রু খুঁজতে হয় না।
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ বাজার মাঠে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স. উ. ম আব্দুস সামাদ আরও বলেন, আরও একটি দল আছে যারা শীতকালে পাখা হাতে নিয়ে ঘোরে। তারা প্রতি সেকেন্ডে সেকেন্ডে মত পরিবর্তন করে। তাদের মত পাল্টাতে কয়েক মিনিট বা ঘণ্টারও প্রয়োজন হয় না। যেদিকে সুবিধা দেখে সেদিকেই দৌড় দেয়, সুবিধা না পেলে আবার অন্যদিকে। এদের কোনো নীতি নেই, এদের একমাত্র মূলনীতি হলো সুবিধাবাদ জিন্দাবাদ।
তিনি বলেন, এ সুবিধাবাদীদের বাইরে এ দেশের সুফিবাদী, নিরপরাধ মানুষের প্রতিনিধিত্বকারী দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমরা মোমবাতি প্রতীক নিয়ে জনগণের কাছে এসেছি। মোমবাতি প্রতীক সার্বজনীন, দলমত নির্বিশেষে মানুষের নিরাপত্তার প্রতীক। বাঞ্ছারামপুরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. আবু নাসের মুসাকে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে আধুনিক, নিরাপদ ও দুর্নীতিমুক্ত বাঞ্ছারামপুর গড়ার আহ্বান জানান তিনি।
খবরিয়া দরবার শরিফের পীর মাওলানা রুহুল আমিন শাহের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মনোনীত প্রার্থী মো. আবু নাসের মুসা, সাংগঠনিক সচিব অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, দপ্তর সচিব মো. আব্দুল হাকিম, প্রকাশনা সচিব সৈয়দ মোহাম্মদ আবু আজম, বাঞ্ছারামপুর উপজেলা যুবসেনার আহ্বায়ক হাফেজ মাওলানা হাবিব উল্লাহ, ছাত্রনেতা আলাউদ্দিন আলাল, ওয়ালী উল্লাহ মোল্লা ও ওবায়দুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।
ইএইচ