আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:২৪ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী সমাবেশে তিনি এই আহ্বান জানান।
ময়মনসিংহ সদর আসনের এই প্রার্থী বলেন, এবারের নির্বাচন শুধু এই এলাকার মানুষের জন্য নয়, বরং পুরো জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিভেদ ভুলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
ওয়াহাব আকন্দ আশা প্রকাশ করেন যে, স্থানীয় প্রশাসন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। তিনি বলেন, অবহেলিত সদর আসনের উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই। জনগণের রায় পেলে এই এলাকাকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি।
সমাবেশ শেষে তাঁর নেতৃত্বে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক মাঠে গিয়ে শেষ হয়। এ সময় পুরো নগরী ধানের শীষের মিছিলে মুখরিত হয়ে ওঠে। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এই মিছিলে অংশ নেন।
প্রচার মিছিলে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ দলটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
এর আগে দুপুরের পর থেকে নগরী ও সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল টাউন হল মোড়সহ আশপাশের এলাকায় জড়ো হতে থাকে। তৃণমূলের ব্যাপক উপস্থিতিতে প্রচারণার শেষ দিনটি ময়মনসিংহে বিএনপির শক্তির মহড়ায় পরিণত হয়।
জেএইচআর