ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৪:৪০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন।
বৃহস্পতিবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাজেদ বাবু পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত ছাতা প্রতীকের প্রার্থী ড. অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল পেয়েছেন ৪৭ হাজার ৭৯১ ভোট। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমান এই ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পর মাজেদ বাবু তাঁর বাসভবনের সামনে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই বিজয় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উৎসর্গ করেন। একইসাথে তিনি নেতা-কর্মীদের বিজয় মিছিল বা কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সবাইকে নফল নামাজ আদায়ের পরামর্শ দেন।
মাজেদ বাবু সতর্ক করে বলেন যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। পরে তিনি নেতা-কর্মীদের নিয়ে নির্বাচন চলাকালে মৃত্যুবরণকারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা আল মামুন খোকনের কবর জিয়ারত করেন। তাঁর এই দায়িত্বশীল আচরণ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৭৪৬ জন। এর মধ্যে ৫৬ শতাংশের কাছাকাছি অর্থাৎ মোট ১ লাখ ৯২ হাজার ৬৩২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সংগৃহীত ভোটের মধ্যে ১ লাখ ৮৭ হাজার ৮২১টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ভোট গ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকেও বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এখন আনুষ্ঠানিক গেজেট প্রকাশের জন্য চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
জেএইচআর